নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে সবুজ হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটক সবুজ হোসেন জেলার মান্দা উপজেলার পারনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার রাতের কোনো এক সময় বাড়ির ভেতরেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
স্থানীয়রা জানান পরিবারের প্রধান হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা হাবিবুরের টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করতে পারে। আবার জমিজমাসংক্রান্ত বিরোধের জেরেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।নিহত হাবিবুরের বাবা বলেন, 'জমিজমা-সংক্রান্ত বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে। আমার মেয়ে, মেয়ে জামাই ও নাতিরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। তারা বিভিন্ন সময়ে আমার ছেলেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি প্রদান করে আসছিল।'
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, 'হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সবুজ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। নিহতদের মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।'